ঝালকাঠি প্রতিনিধি :
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে ঝুঁকি নিয়েই এককভাবে নির্বাচনের মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশপ্রেমিক ও ইসলামপ্রেমী মানুষের সমর্থনে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট দিতে জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় মুফতী রেজাউল করীম বলেন, মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল সাম্য, সামাজিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পর যারা দেশ পরিচালনা করেছে, তারা সেই লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। বরং দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশকে ক্ষতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যার ফলে দেশের অর্থনৈতিক ভিত দুর্বল হয়েছে।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে একটি সুস্পষ্ট ও শক্তিশালী রাজনৈতিক অবস্থান গড়ে তুলতে চেয়েছে। কিছু দল নিজেদের ইসলামী দাবি করলেও শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার বিষয়ে তারা পরিষ্কার অবস্থান নেয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে—ইসলামী শরিয়াহকে প্রাধান্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করা হবে, যা তাদের ইশতেহারেও উল্লেখ রয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
চরমোনাই পীর বলেন, পশ্চিমা সংস্কৃতি ও নৈতিক অবক্ষয়ের যে ধারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে, তা এ দেশের সমাজব্যবস্থায় চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই ধারা প্রতিহত করতে চায় এবং একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।
ইসলামী দলগুলোর ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, অতীতে ঐক্যের উদ্যোগ নেওয়া হলেও তা টেকসই হয়নি। তিনি দাবি করেন, ক্ষমতার লোভ ও রাজনৈতিক হিসাবের কারণে সেই ঐক্য ধরে রাখা সম্ভব হয়নি।
বক্তব্যের একপর্যায়ে তিনি ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। এছাড়া বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

