আগামী দিনের রাজনীতি হবে দেশ গড়ার রাজনীতি: তারেক রহমান

0
72
নীলফামারী বড় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের রাজনীতি। তিনি বলেন, “আমার প্রথম ঠিকানা বাংলাদেশ, শেষ ঠিকানাও বাংলাদেশ।” জনগণের হারিয়ে যাওয়া ভোটাধিকার ফিরিয়ে আনা এবং রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য বলে জানান তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী বড় মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, গত দেড় দশকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তারা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে ইতিহাস গড়েছেন। তিনি উল্লেখ করেন, এবারের নির্বাচন শুধু সংসদ সদস্য বাছাইয়ের নির্বাচন নয়, এটি একটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন।

নীলফামারীর উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, জেলায় ইপিজেড সম্প্রসারণ করা হবে এবং একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, কিশোরগঞ্জ ও সৈয়দপুরকে জেলা হিসেবে বিবেচনায় রেখে শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।

উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি উত্তরা ইপিজেড সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হবে বলে জানান তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কৃষকদের বিষয়ে তারেক রহমান বলেন, প্রতিটি কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে কম দামে সার, বীজ ও কীটনাশক পাওয়া যাবে। কৃষকদের জন্য নির্দিষ্ট পরিমাণ কৃষিঋণ মওকুফ এবং এনজিও ঋণের দায় সরকার গ্রহণের পরিকল্পনার কথাও জানান তিনি।

নারী উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেক নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। নারীর শিক্ষা ও কর্মসংস্থানে অংশগ্রহণ নিশ্চিত না হলে দেশের অগ্রগতি সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার কথাও জানান বিএনপি চেয়ারম্যান।

ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠী মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। এখন সেই অধিকার পুনরুদ্ধারের সুযোগ এসেছে। তিনি ভোট দেওয়ার পাশাপাশি দেশ গড়ার কাজে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার জন্য যেমন সবাই একসঙ্গে লড়াই করেছিল, তেমনি ২০২৪ সালেও জনগণ স্বৈরাচার বিদায়ের আন্দোলনে অংশ নিয়েছে। বিএনপি সরকার গঠন করলে সকল ধর্ম ও শ্রেণির মানুষের জন্য সমানভাবে কাজ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন নীলফামারীর বিভিন্ন আসনের বিএনপি ও শরিক দলের মনোনীত প্রার্থীরা, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তব্যের শেষাংশে তারেক রহমান বলেন, “মানুষকে সঙ্গে নিয়েই আমরা দেশ পুনর্গঠন করতে চাই। আগামী দিনের রাজনীতি হবে দেশ গড়ার রাজনীতি।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here