ভোলা প্রতিনিধি :
ভোলা পৌরসভার নতুন বাজার এলাকায় অবস্থিত ভোলা মুসলিম এডুকেশন সংগঠনের ভবন “শেরে বাংলা সুপার মার্কেট” দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে। যথাযথ তদারকির অভাবে ভবনটির বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়ায় এটি ব্যবসায়ী ও পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, মার্কেটটির সভাপতি পদে জেলা প্রশাসক দায়িত্বে থাকলেও দীর্ঘদিন ধরে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সাংবাদিক বারেক হোসেন। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে মার্কেটটির কোনো সংস্কার বা উন্নয়নমূলক কাজ করা হয়নি। ফলে ভবনের অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে।
ব্যবসায়ীদের দাবি, মার্কেটে কোনো টয়লেট ব্যবস্থা না থাকায় তারা নানা সমস্যায় পড়ছেন। এছাড়া ছাদে কিছু ব্যক্তি প্রস্রাব করায় আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যা ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়া কয়েকটি দোকানের ভাড়া দীর্ঘদিন বকেয়া থাকলেও তা আদায়ের কার্যকর উদ্যোগ নেই বলেও অভিযোগ রয়েছে। একই সঙ্গে অভিযোগ উঠেছে যে, মার্কেটের একটি কক্ষ দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে ব্যবহার করা হলেও এর জন্য কোনো ভাড়া পরিশোধ করা হচ্ছে না।
এ অবস্থায় স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা মনে করছেন, মার্কেটটির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি জবাবদিহিমূলক ও কার্যকর কমিটি গঠন প্রয়োজন। তাদের মতে, যথাযথ সংস্কার ও পরিকল্পনার মাধ্যমে শেরে বাংলা সুপার মার্কেটকে আবারও একটি নিরাপদ ও আধুনিক বাণিজ্যকেন্দ্রে পরিণত করা সম্ভব।
এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
এই বাংলা/এমএস
টপিক

