জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির শর্ত যথাযথভাবে অনুসরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কলেজগুলোর অধিভুক্তি বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এ বিষয়ে কোনো ধরনের আপত্তি বা ছাড় দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করে জানান।
বুধবার (৫ ফেব্রুয়ারি) হবিগঞ্জ সার্কিট হাউসে জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং পরিচালনা পরিষদের সভাপতি ও সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এর আগে মঙ্গলবার ও বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জ জেলার বাহুবল, নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার মোট আটটি কলেজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কলেজগুলোর একাডেমিক ও প্রশাসনিক অবস্থা পর্যালোচনা করেন এবং অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান কিংবা চাকরিদাতা প্রতিষ্ঠান ও শিল্পকারখানার বাস্তব চাহিদা বিবেচনায় না নিয়ে কিছু শিক্ষক নিজেদের পছন্দের বিষয়ে অধিভুক্তির আবেদন করেন, যা মোটেও গ্রহণযোগ্য নয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা পূরণে বিবিএ, সিএসইসহ বিভিন্ন পেশাভিত্তিক বিষয়ে দক্ষ মানবসম্পদের তীব্র সংকট তৈরি হয়েছে। অথচ এসব সময়োপযোগী বিষয়ে কলেজগুলোর অধিভুক্তির আবেদন তুলনামূলকভাবে খুবই কম। ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় নিয়ে আধুনিক ও চাহিদাসম্পন্ন বিষয়ে অধিভুক্তির উদ্যোগ নিতে কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
অনেক কলেজে নিয়মিত পরিচালনা পরিষদের সভা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে উপাচার্য বলেন, নিয়মিত সভা না হলে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রকৃত সমস্যা চিহ্নিত করা যায় না এবং সেগুলোর কার্যকর সমাধানও সম্ভব হয় না। ফলে সুযোগ-সুবিধা সম্প্রসারণ ব্যাহত হয় এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়।
তিনি বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে নেওয়া যেকোনো উদ্যোগ বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় সবসময় কলেজগুলোর পাশে থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

