‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে বরিশালে নিরাপত্তা জোরদার

0
277
‘ঢাকা লকডাউন’ ঘিরে বরিশাল শহরে তল্লাশি অভিযান / ছবি - এই বাংলা প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি :


আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণার পর বরিশাল নগরীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের টহল চলছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেন, “নিয়মিত টহলের পাশাপাশি ১৩ নভেম্বরের আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। লঞ্চঘাট, রূপাতলী, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড ও কাশিপুর বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে ডিবি টিম মোতায়েন আছে।”

তিনি আরও জানান, সম্প্রতি কাশিপুর এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে ‘ঢাকা চলো’ কর্মসূচি বাস্তবায়ন ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। মিন্টু বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর লিটন মোল্লার সহযোগী বলে জানা গেছে। অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শহরের প্রবেশপথে কালিজিরা ব্রিজ, গড়িয়ারপাড় ও দপদপিয়া পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন হাট, কাশিপুর, আমতলা মোড় ও সদর রোডেও তল্লাশি চলছে।

পুলিশ জানিয়েছে, নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে রাতভর সাঁজোয়া যান নিয়ে টহল অব্যাহত থাকবে এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here