সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মাটিরাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে জীপ খাদে, চালক নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী জীপ গভীর খাদে পড়ে চন্দন দত্ত (নাম) নামে চালক নিহত হয়েছেন। রোববার সকালে আলুটিলা সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চন্দন দত্ত খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়কের বসুন্ধরা এলাকার বাসিন্দা অমূল্য দত্তের ছেলে। পুলিশ ও ফায়ার সার্ভিস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খাগড়াছড়ি জেলা শহর থেকে মালামাল নিয়ে মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার উদ্দেশে যাচ্ছিল জীপটি। পথে আলুটিলা সংলগ্ন সাপমারা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায় গাড়িটি। এতে জীপটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক চন্দন দত্তের মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, চন্দন দত্ত আবুল খায়ের কোম্পানির স্থানীয় ডিলার এসএস ট্রেডার্সের স্বত্বাধিকারী শিব সংকর দেবের মালিকানাধীন জীপটি চালাতেন। মালামাল পরিবহনের সময়ই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

দুর্ঘটনার খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ প্রচেষ্টার পর গভীর খাদ থেকে চালকের মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল মুন্না জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর