‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. আসমা খাতুন, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পর্যটন শুধু বিনোদনের ক্ষেত্র নয়; একটি দেশের অর্থনীতি, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। আধুনিক ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার পর্যটন খাতকে আরও সহজ, আধুনিক ও আকর্ষণীয় করে তুলতে পারে।
বক্তারা আরও বলেন, নাটোরের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ দর্শনীয় স্থানগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপকভাবে তুলে ধরতে হবে। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামো, নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার বিষয়েও গুরুত্ব দিতে হবে।
সবার সমন্বিত উদ্যোগ ও পরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে নাটোরকে একটি সম্ভাবনাময় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব বলে সভায় মত দেন বক্তারা।
এই বাংলা/এমএস