টাঙ্গাইলের নাগরপুরে ভীমরুলের কামড়ে চান মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মামুদনগর ইউনিয়নের শ্রীবড়টিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চান মিয়া ওই গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে চান মিয়া নিজ বাড়ির তালগাছে উঠে গাছ পরিষ্কার করছিলেন। এ সময় গাছে থাকা ভীমরুলের চাক থেকে বেশ কয়েকটি ভীমরুল তাঁকে আক্রমণ করে এবং শরীরের বিভিন্ন স্থানে হুল ফোটায়। পরে তিনি দ্রুত গাছ থেকে নেমে আসেন।
অবস্থা গুরুতর হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতালে ভর্তির পর চান মিয়াকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। তাঁর অবস্থার অবনতি হলেও চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেননি বলে দাবি করেন তাঁরা। পরিবারের অভিযোগ, সময়মতো উন্নত চিকিৎসার জন্য নেওয়া গেলে তাঁকে বাঁচানো সম্ভব হতে পারত। এ ঘটনায় তাঁরা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে পরিবারের এ অভিযোগ অস্বীকার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রিফাত মাহবুব বলেন, চান মিয়া বিকেল ৫টার দিকে হঠাৎ শকে চলে যান। তাঁকে বাঁচাতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত সম্ভব হয়নি।
ঘটনাটি নিয়ে পরিবারের অভিযোগ ও চিকিৎসকদের বক্তব্যের বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া প্রয়োজন।
এই বাংলা/এমএস