কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বাজার থেকে প্রায় ৩০০ গজ উত্তরে আন্ধারীঝাড় মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বাধীন এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী মোঃ হামিদ চৌধুরী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। আহত মোঃ হামিদ চৌধুরী স্থানীয় খোকন চেয়ারম্যানের বাবা বলে জানা গেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা স্বাধীন এক্সপ্রেস বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত বাসজুড়ে ছড়িয়ে পড়ে এবং বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দুর্ঘটনার কারণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

