চিলমারীতে ব্রহ্মপুত্রে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, ৪৪ ঘণ্টা পর মিলল রাইশার সন্ধান

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাইশা মনি (৮) নামে এক শিশুর মরদেহ প্রায় ৪৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীর থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

নিহত রাইশা মনি কাঁচকোল দক্ষিণ খামার গ্রামের রাশেদুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় একটি নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায় রাইশা। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গেলে সঙ্গে থাকা শিশুরা চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও তাকে উদ্ধার করতে পারেননি।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ডুবুরি দলও উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ সময় অনুসন্ধান করেও শিশুটির সন্ধান না পাওয়ায় অভিযান সমাপ্ত করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অবশেষে মঙ্গলবার দুপুরে কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের নদীতীরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে সেটি রাইশা মনির মরদেহ বলে শনাক্ত করা হয়।

খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দারা ব্রহ্মপুত্র নদের ঝুঁকিপূর্ণ ঘাটগুলোতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা উদ্ধারকাজে সহযোগিতা করেছেন। শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here