নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ২৪ হাজার টাকার জাল নোটসহ মো. নুর আলম (৩৫) নামের এক কৃষকদল নেতাকে আটক করেছে পুলিশ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার রাতে উপজেলার আবদুল্লাহ মিয়ার হাট বাজার থেকে স্থানীয় ব্যবসায়ীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটক নুর আলম নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের বাসিন্দা মো. ইব্রাহিমের ছেলে এবং তিনি ওই ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নুর আলম এক বান্ডিল জাল টাকা নিয়ে আবদুল্লাহ মিয়ার হাট বাজারে আসেন।
তিনি একটি মুদি দোকান থেকে কিছু পণ্য কিনে এক হাজার টাকার নোটে মূল্য পরিশোধ করেন। দোকানদার সন্দেহবশত নোটটি পরীক্ষা করে দেখতে পান, সেটি জাল।
পরে তিনি আশপাশের ব্যবসায়ীদের বিষয়টি জানান।
দোকানিরা মিলে নুর আলমকে বাজারের একটি সড়ক থেকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি জাল টাকা ব্যবহার করার বিষয়টি স্বীকার করেন। এ সময় তার কাছে আরও ২৩ হাজার টাকার জাল নোট পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নুর আলমকে আটক করে থানায় নিয়ে যায়।
চরজব্বর থানার ওসি শাহীন মিয়া বলেন,
“জাল নোটসহ ধরা পড়া নুর আলমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা নেওয়া হয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হবে।”
এই বাংলা/এমএস
টপিক

