ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে গাছবাহী নৌকার ধাক্কায় ২২৫ ফুট দীর্ঘ একটি আয়রন ব্রিজ ভেঙে পড়েছে। ১১ ডিসেম্বর ২০১৯ ভোরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের তালুকদার হাট সংলগ্ন সন্ধ্যা নদীতে ব্রিজটি ভেঙে পরে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দুর্ঘটনার পর থেকে ৬ বছর ধরে ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় রাজাপুর ও পাশের কাউখালী উপজেলা এবং ঝালকাঠি সদর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। যাত্রীবাহী গাড়ি, মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় অন্তত ৩০ গ্রামের মানুষ। বিশেষ করে এলাকার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় শ মানুষ চলাচল করতেন। এই পথে হাট-বাজারে বিক্রির জন্য কৃষিপণ্যসহ নানা পণ্য পরিবহন করা হতো।

স্থানীয়রা জানান, নদীটি দিয়ে নিয়মিত বালুবাহী জাহাজ চলাচল করে। এসব জাহাজের ধাক্কায় কয়েক মাস আগে থেকেই ব্রিজের মাঝামাঝি অংশে ফাটল দেখা দেয়। ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভোরে একটি গাছবাহী নৌকা ব্রিজের পিলারে ধাক্কা দিলে মাঝের অংশ ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় নৌকাটি ব্রিজের নিচে চাপা পড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম, আবু ইউসুফ, আনোয়ার মিলন ও মামুনসহ অনেকে জানান, বারবার সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি অবহিত করা হলেও এখন পর্যন্ত স্থায়ী সমাধান মেলেনি। দ্রুত ব্রিজ নির্মাণ না হলে এলাকার পণ্য পরিবহন ও মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে রাজাপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, স্কিম করে পাঠানো হয়েছে পাশ হলেই কাজ শুরু করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

