সংস্কারের পক্ষে থাকা শক্তিরাই পরবর্তী নির্বাচনে জয়ী হবে: হাসনাত আবদুল্লাহ

0
112
ছবি : এই বাংলা প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি :


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংস্কারপন্থী রাজনৈতিক শক্তিগুলোরাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ঝালকাঠি শহরের ফাতেমা কনভারসেশন হলে আয়োজিত এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না।

হাসনাত আবদুল্লাহ বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি সুষ্ঠু নির্বাচন হওয়া কঠিন। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে প্রভাব খাটানো হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক। নির্বাচন কমিশনকেও নিরপেক্ষতার মানদণ্ডে কাজ করতে হবে—ব্যক্তিগত ইচ্ছার ভিত্তিতে নয়, নীতিনির্ভরভাবে সিদ্ধান্ত নিতে হবে।”

তিনি অভিযোগ করেন, “ভোটার তালিকায় এখনও বিপুল সংখ্যক মৃত ভোটারের নাম রয়ে গেছে। পূর্বের কয়েকটি নির্বাচনে অনিয়মের অভিযোগও উঠেছে। তাই ফ্রি ও ফেয়ার নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অন্তবর্তীকালীন সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “এই সরকারকে অবশ্যই নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে। জনগণ দীর্ঘদিন ধরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে। নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সব রাজনৈতিক শক্তিকেই দায়িত্ব নিতে হবে।”

সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, “বর্তমান ক্ষমতাসীন দল গণতন্ত্র থেকে সরে গিয়ে এক ধরনের কর্তৃত্ববাদী কাঠামো তৈরি করেছে। যদি জনগণের সমর্থন থাকতো, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল বা একতরফা নির্বাচন আয়োজনের প্রয়োজন হতো না।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে ফ্যাসিবাদ, গুম-খুন ও দমননীতি থাকবে না। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাগরিকরাই আমাদের শক্তি। আগামী নির্বাচনে আমরা সেই নীতিনিষ্ঠ ভোটারদের কাছেই সমর্থন চাইব।”

সভায় আরও উপস্থিত ছিলেন—এনসিপির যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান ও মাহমুদা মিতু, মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মূসা। সভায় জেলার চার উপজেলার এনসিপি নেতৃবৃন্দ অংশ নেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here