সরবরাহ বন্ধে মুখ থুবড়ে স্কুল ফিডিং, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমার শঙ্কা
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
বুধবার, ৫ আগস্ট, ২০২৬
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত তিন সপ্তাহ ধরে মিড-ডে মিল কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য নির্ধারিত স্কুল ফিডিং বিস্কুট সরবরাহ বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকরা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রাণ ডেইরী লিমিটেড উপজেলার কোনো বিদ্যালয়েই বিস্কুট সরবরাহ করতে পারেনি। ফলে শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বিস্কুট বিতরণ বন্ধ রয়েছে। কিছু বিদ্যালয়ে বিকল্প হিসেবে শিক্ষার্থীদের একটি করে কলা দেওয়া হয়েছে।
গাবুর হেলান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গোলাম রব্বানী বলেন, স্কুল ফিডিং কর্মসূচিতে বিস্কুট শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণ। দীর্ঘদিন সরবরাহ বন্ধ থাকায় অনেক শিক্ষার্থীর বিদ্যালয়ে উপস্থিতি কমছে। এ বিষয়ে শিক্ষকরা অভিভাবকদের বিভিন্ন প্রশ্নেরও মুখোমুখি হচ্ছেন।
পুটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোছা. জাহান ইমু জানায়, গত সপ্তাহ থেকে তারা বিস্কুট পাচ্ছে না। পরিবর্তে একদিন শুধু কলা দেওয়া হয়েছে।
অভিভাবক মো. এনামুল হক সরকার বলেন, সরকারের এই পুষ্টি কর্মসূচির উদ্দেশ্য ভালো হলেও নিয়মিত সরবরাহ না থাকায় শিক্ষার্থীরা প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
রাজারহাট উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হৃদয় কৃষ্ণ বর্মণ জানান, ২৮ জুলাই থেকে উপজেলার বিদ্যালয়গুলোতে বিস্কুট সরবরাহ বন্ধ রয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহম্মদ বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে টেন্ডার-সংক্রান্ত জটিলতার কথা জানানো হয়েছে।
এদিকে প্রাণ ডেইরী লিমিটেডের স্থানীয় প্রতিনিধি মো. আকাঈদ হোসেন জানান, গ্যাস সংকটের কারণে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে পুনরায় বিস্কুট উৎপাদন ও সরবরাহ শুরু হবে। তবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেননি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।