ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও ১১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে নতুনপাড়া গ্রামের আমবাগান এলাকা থেকে আসামীবিহীন ৫০৭ পিস ভায়াগ্রা উদ্ধার করে নতুনপাড়া বিওপির টহল দল। অন্যদিকে ভোররাতে মাধবখালী গ্রামের মাল্টাবাগান এলাকা থেকে আসামীবিহীন ৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
এছাড়া সোমবার (২০ অক্টোবর) দিন-রাতজুড়ে সীমান্তের বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে মোট ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি সদস্যরা। তাদের মধ্যে পুরুষ, নারী ও শিশুও রয়েছে।
প্রথম অভিযানে খোসালপুর গ্রামের বাঁশবাগান এলাকা থেকে ২ জন নারীকে, দ্বিতীয় দফায় একই স্থান থেকে ১ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করা হয়। পরে বাঘাডাঙ্গা সীমান্ত থেকে গোপালগঞ্জ জেলার এক পুরুষ ও এক নারী, কুমিল্লাপাড়া সীমান্ত থেকে আরও এক তরুণ ও এক নারীকে আটক করে বিজিবি।
সর্বশেষ মঙ্গলবার সকালে খোসালপুর সীমান্তের আরেক স্থানে অভিযান চালিয়ে মাগুরা জেলার ২ জন পুরুষ, ১ জন নারী ও ২ শিশুকে আটক করা হয়।
বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটককৃত বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অভিযোগে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

