মনপুরা (ভোলা) প্রতিনিধি :
স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশনের বাস্তবায়িত ঘূর্ণিঝড় প্রস্তুতি ও কমিউনিটি সহনশীলতা নির্মাণ (Cyclone Preparedness and Community Resilience Building – CPCRB) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী সভা গতকাল, ২২ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১১টায় মনপুরা উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কোস্ট ফাউন্ডেশনের ভোলা জেলা সহকারি পরিচালক রাশিদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফজলে রাব্বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আশরাফুল ইসলাম, এলজিইডি’র উপ-প্রকৌশলী, এবং সীমান্ত হেলাল, সাধারণ সম্পাদক, মনপুরা, প্রেসক্লাব।
এছাড়াও সভায় দক্ষিণ সাকুচিয়া, কলাতলী ও হাজীর হাট ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, প্রকল্পের আওতাভুক্ত ১০টি সাইক্লোন শেল্টার কাম শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, উপকারভোগী, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার সূচনা করেন কোস্ট ফাউন্ডেশনের ভোলা জেলা সহকারি পরিচালক রাশিদা বেগম। প্রকল্পের কার্যক্রম ও ফলাফল সবিস্তারে উপস্থাপন করেন কোস্ট ফাউন্ডেশনের ঊর্ধ্বতন সমন্বয়কারী মোঃ ইউনুছ। তিনি জানান, স্টার্ট নেটওয়ার্ক বাংলাদেশ মূলত দুর্যোগকালীন সময়ে মানবিক সহায়তা প্রদানে সদস্য সংস্থাগুলোর সাথে কাজ করছে এবং এই প্রকল্পের মাধ্যমে ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই ঝুঁকিপূর্ণ মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য আগাম প্রস্তুতিমূলক কাজগুলো বাস্তবায়ন করা হয়েছে।
সভায় শিক্ষক প্রতিনিধিদের মধ্যে এ আর খান প্রাঃ বিদ্যাঃ-এর প্রধান শিক্ষক মিঃ সুমন দাস, সোনার চর সঃ প্রাঃ বিদ্যাঃ-এর প্রধান শিক্ষক হালিমা খাতুন, দঃ সাকুচিয়া সঃ প্রাঃ বিদ্যাঃ-এর প্রধান শিক্ষক বিক্রম চন্দ্র দাস, ফৈয়েজ উদ্দিন মাঃ বিদ্যাঃ হাজীর হাট-এর প্রধান শিক্ষক আবদুল বারি এবং সাকুচিয়া মাঃ বিদ্যাঃ-এর প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন বক্তব্য রাখেন। জনপ্রতিনিধিদের মধ্যে কলাতলী ইউনিয়নের জনাব মোঃ শাহাবুদ্দিন এবং হাজীর হাট ইউনিয়নের মোঃ জামাল উদ্দিন প্রকল্পের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা সকলেই প্রকল্প বাস্তবায়নে কোস্ট ফাউন্ডেশন কর্তৃক স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা এবং স্থানীয় কমিউনিটির মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ ও সাধুবাদ জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ফজলে রাব্বি বলেন, কোস্ট ফাউন্ডেশন প্রকল্পটি শুরু করার সময় উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলের মতামত নিয়ে কাজ শুরু করেছিল। তিনি আরও বলেন, এই প্রকল্পটি বিশেষত চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে দুর্যোগকালীন সময়ে প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা বৃদ্ধি এবং মানুষের ঘরবাড়ি উন্নত করার জন্য তিনি সুপারিশ করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এই বাংলা/এমএস
টপিক

