কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ মার্চ) দুপুরে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন এ জরিমানা কার্যকর করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের বাগেরবাজার এলাকায় ট্রাক্টর ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে ধরলা নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযানকালে ট্রাক্টর জব্দ করা সম্ভব না হলেও সিন্ডিকেটের প্রধান মোঃ রফিক মিয়া (৩৮)কে আটক করা হয়। পরে তিনি অবৈধ বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করলে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হয়।
মোঃ রফিক মিয়া কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পাঁচপীর ইউনিয়নের গোড়াইবাড়ী মুন্সীপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।
ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, নদী রক্ষায় কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান না চালালে পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
এই বাংলা/এমএস
টপিক

