নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় ফখরুল ইসলাম মনজু ওরফে বলি (২৫) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হাজীপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজায় এ নৃশংস ঘটনা ঘটে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নিহত বলি চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির বদিউজ্জামানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে অসুস্থ ভাগ্নিকে দেখতে বড় বোনের বাড়ি যাওয়ার পর ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা ১৫–২০ জন কিশোর গ্যাং সদস্য তাকে সিএনজিতে কোপ দেয়। পরে গাড়ি থেকে পড়ে গেলে তাকে বেধড়ক পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরিবারের দাবি—পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে বলিকে হত্যা করা হয়েছে।
অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী আব্দুল মোতালেব দাবি করেন, সকালে তার ছেলে মিজানুর রহমান ২০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বাজারের উদ্দেশে বের হলে পথিমধ্যে বলি ও তার সহযোগীরা তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে বলিকে গণপিটুনি দেয়, এতে সে মারা যায়। পরে বিক্ষুব্ধ জনতা সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ করে এবং বলির আড্ডাস্থলে হামলা চালায়।
বেগমগঞ্জ থানার ওসি এম এ বারী বলেন, নিহত বলির বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকসহ ৫–৭টি মামলা রয়েছে। এলাকায় তার সন্ত্রাসী কর্মকাণ্ডে জনঅসন্তোষের কারণে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক

