নীলফামারী প্রতিনিধি :
‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি’—এই প্রতিপাদ্যে নীলফামারীতে বুধবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দিনের কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ, কম্বল বিতরণ এবং জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন, হুইল চেয়ার, ট্রাইসাইকেল প্রদান।
সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পরিচালক নুসরাত ফাতেমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতিউর রহমান শেখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে পারলে সমাজে বড় পরিবর্তন আসবে।”
তিনি জানান, সরকার প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে।
পরে জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে- ৯৬ জনকে সেলাই মেশিন, ৯০ জনকে হুইল চেয়ার, ২০ জনকে ট্রাইসাইকেল, এবং জেলা প্রশাসনের উদ্যোগে ১০০ জনকে কম্বল প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধীদের জন্য টেকসই সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
