নলছিটিতে খয়রাবাদ নদীর সেতু প্রকল্পে অনিশ্চয়তা, আড়াই বছরেও নেই অগ্রগতি

0
212
ঝালকাঠিতে ১২৩ কোটি টাকার সেতু প্রকল্প মুখ থুবড়ে / ছবি - এই বাংলা

বরিশাল ব্যুরো :

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ নদীর ওপর নির্মাণাধীন সেতু প্রকল্পটি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রায় আড়াই বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় শতকোটি টাকার এই অবকাঠামো প্রকল্প কার্যত স্থবির অবস্থায় রয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় অনুমোদিত ৭৩০ মিটার দীর্ঘ এ সেতুটির ব্যয় নির্ধারণ করা হয়েছে ১২৩ কোটি ৯ লাখ টাকা। ২০২৩ সালের ২৫ এপ্রিল নির্মাণকাজ শুরু হয়ে ২০২৬ সালের ৯ এপ্রিল প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে তার কোনো উল্লেখযোগ্য অগ্রগতি চোখে পড়েনি। এখন পর্যন্ত মাত্র ১৮টি পিলারের আংশিক কাজ সম্পন্ন হয়েছে, যা মোট কাজের তুলনায় খুবই সামান্য।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের প্রধান ঠিকাদার ও আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার কারাবন্দী থাকায় পুরো প্রকল্প ব্যবস্থাপনায় স্থবিরতা নেমে এসেছে। সাইট তদারকি, শ্রমিক নিয়োগ এবং নির্মাণসামগ্রী সরবরাহ দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। সরকার পরিবর্তনের পর কাজ আরও ধীরগতিতে চলে গেছে বলেও অভিযোগ করেন তারা।

এ ছাড়া স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ২০ কোটি টাকা অগ্রিম বিল উত্তোলন করলেও মাঠপর্যায়ে তার প্রতিফলন নেই। এতে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এলাকাবাসীর মতে, সেতুটি চালু হলে মূলত বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া, কলসকাঠি ও চরাদি ইউনিয়নের মানুষ বেশি উপকৃত হবেন। তবে ঝালকাঠির দপদপিয়া ইউনিয়নের জন্য সেতুটির বাস্তব প্রয়োজন তুলনামূলকভাবে কম। স্থানীয় অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থা বেহাল, এলাকায় বড় শিল্পকারখানা বা ঘনবসতি না থাকায় এত বড় বাজেটের সেতু নির্মাণের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন তারা।

এ বিষয়ে নলছিটি উপজেলা প্রকৌশলী জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে সরকারি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here