কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার তিতাস উপজেলায় ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের অভিযোগে মো. ফারুক সরকার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় লোকজন।
বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মঙ্গলকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে তিতাস থানায় নিয়ে যায়। আটক ফারুক সরকার মঙ্গলকান্দি গ্রামের মৃত আব্দুল বারেক সরকারের ছেলে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জগতপুর–মঙ্গলকান্দি ব্রিজের ওপর ভিক্ষুক আমির হোসেন (৭০) ও তার স্ত্রী সেলিনা আক্তারের (৫৫) পথরোধ করে তাদের সারাদিনের উপার্জিত ৯০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। বিষয়টি ভুক্তভোগী দম্পতি এলাকাবাসীকে জানালে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে ফারুক সরকারকে আটক করা হয়।
ভিক্ষুক আমির হোসেন বলেন, ‘আমাদের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার আমিরাবাদ গ্রামে। আমরা স্বামী-স্ত্রী তিতাস উপজেলার বাতাকান্দি টেগুরা পাড়া আলি মিয়ার বাড়িতে ভাড়া থাকি। মঙ্গলবার দুপুরে মঙ্গলকান্দি হয়ে জগতপুর যাওয়ার পথে ব্রিজে উঠলে কয়েকজন আমাদের আটক করে সঙ্গে থাকা ৯০০ টাকা কেড়ে নেয়। অনেক কান্নাকাটি করেও টাকা ফেরত পাইনি। তারা বলে, ভিক্ষুকের টাকা না খাইলে বড়লোক হওয়া যায় না।’
অভিযোগ অস্বীকার করে আটক ফারুক সরকার বলেন, ‘আমি এই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত নই। তবে জগতপুর থেকে ফেরার পথে ব্রিজের ওপর ওই ভিক্ষুক দম্পতিকে দেখেছি এবং ছিনতাইকারীদের আমি চিনি।’
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ সাইফুল্লাহ বলেন, ‘ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। বর্তমানে ওই ব্যক্তি থানা হেফাজতে রয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

