টাঙ্গাইল প্রতিনিধি :
প্রান্তিক কৃষকদের সুবিধার্থে একই দোকানে সার ও বীজ বিক্রয়ের অনুমতি প্রদানের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলা বিএডিসি বীজ ডিলাররা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বীজ ডিলার টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার বীজ ডিলাররা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বীজ ডিলার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. আরিফুর রহমান, যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন ও সদস্য সচিব গোলাম কিবরিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ২০১০ সালের নীতিমালা অনুযায়ী বীজ ডিলাররা এক বছর পর সার ডিলারে রূপান্তরিত হওয়ার সুযোগ থাকলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। এতে কৃষকরা ভোগান্তিতে পড়ছেন, কারণ বীজ ও সার সংগ্রহের জন্য তাদের আলাদা দোকানে যেতে হচ্ছে।
তারা আরও বলেন, “যদি বিএডিসির অনুমোদিত বীজ ডিলারদের মাধ্যমে একই দোকানে সার ও বীজ বিক্রির সুযোগ দেওয়া হয়, তাহলে কৃষকরা এক জায়গা থেকেই প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে পারবেন এবং সময় ও খরচ দুই-ই সাশ্রয় হবে।”
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রধান উপদেষ্টার কাছে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
এই বাংলা/এমএস
টপিক

