চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভা সংলগ্ন উত্তর সোনাপাহাড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
চট্টগ্রাম মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ফারুক উদ্দিনসহ পুলিশের একটি চৌকস দল নিয়মিত ডিউটি পালন করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তারা বারইয়ারহাট উত্তর সোনাপাহাড় এলাকার শ্যামলী বাস স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন।
চেকপোস্ট চলাকালীন চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘সৌদিয়া পরিবহন’র একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১১-৪৫২০) তল্লাশির জন্য থামানো হয়।
এসময় বাসের দুই নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে নারী পুলিশের সহায়তায় তাদের সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হয়।
তল্লাশিতে প্রত্যেকের ব্যাগ থেকে ৪০০ পিস করে মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভোর ৬টা ৪৫ মিনিটে ইয়াবাসহ তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: জমিলা বেগম (২৫): পিতা- মাহমুদ হোসেন, মাতা- আনোয়ারা, স্বামী- আব্দুর শুক্কুর। খুরশিদা বেগম (২৬): পিতা- শেখ রহমত উল্লাহ, মাতা- লাইলা বেগম, স্বামী- মোঃ ইয়াছিন।
পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তারা উভয়েই কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী ক্যাম্প-৯ এলাকার বাসিন্দা।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

