পুলিশ হবে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
রবিবার, ২ আগস্ট, ২০২৬
স্টাফ রিপোর্টার :
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। এটি হবে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক একটি বাহিনী, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।”
রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা মোকাবিলায় কারিগরি দক্ষতা অর্জন করে সাধারণ মানুষের প্রকৃত বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে কোনো ব্যক্তি পুলিশি সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষ হয়। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এ প্রশিক্ষণে অংশ নেওয়া ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে কর্মজীবনে প্রবেশ করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। তিনি সেরা প্রবেশনার এবং ফিল্ড অ্যাক্টিভিটিজে সেরা—এই দুই বিভাগে পুরস্কার অর্জন করেন।
এছাড়া একাডেমিক বিষয়ে সেরা নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং সেরা শ্যুটার হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ বি এম মামুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।