জলঢাকায় স্কয়ার কোম্পানির প্রতিনিধি পরিচয়ে নকল ওষুধ বিক্রি, এক ব্যক্তির কারাদণ্ড

নীলফামারীর জলঢাকায় নকল ঔষধসহ আটক ১ / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর জলঢাকা উপজেলায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি পরিচয়ে নকল ওষুধ বাজারজাত করার সময় মৃনাল অধিকারী (ছদ্মপরিচয়দানকারী) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ মার্চ) রাত ৯টার দিকে জলঢাকা উপজেলা জিরো পয়েন্ট বাজারের মেসার্স অনিন্দ্য ফার্মেসীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত মৃনাল অধিকারী জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চাপানী এলাকার প্রতাপ চন্দ্র অধিকারীর ছেলে।

অভিযানের সময় তার কাছ থেকে ‘জিম্যাক্স-৫০০’ নামে নকল ওষুধের ৪৮টি বক্স উদ্ধার করা হয়। প্রতিটি বক্সে ১৪টি করে ট্যাবলেট ছিল। তিনি নিজেকে Square Pharmaceuticals Ltd.-এর প্রতিনিধি পরিচয় দিয়ে ওষুধ বিক্রির চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন। অপরাধ স্বীকার করায় আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কোম্পানিকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, ঘটনার সময় ফার্মেসীর স্বত্বাধিকারী ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) জলঢাকা উপজেলা শাখার সভাপতি মাহবুবার রহমান মনি সন্দেহবশত তাকে জিজ্ঞাসাবাদ করেন। তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেওয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাহদি হাসান এবং জলঢাকা থানা পুলিশের সদস্যরা।

এদিকে বিসিডিএস জলঢাকা উপজেলা শাখার সভাপতি মাহবুবার রহমান মনি অভিযোগ করেন, নকল ওষুধসহ ব্যক্তিকে আটকের পর বিষয়টি জেলা ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক মিতা রায়কে জানানো হলেও তিনি বিষয়টি গুরুত্ব দেননি।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল বলছেন, নকল ওষুধের মতো স্পর্শকাতর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপ প্রয়োজন, যাতে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে না পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here