চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা সদরে গরুবোঝাই একটি পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আক্কাস আলী (৫৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে খাড়াগোদা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের বাসিন্দা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গিয়ারপোতা এলাকার কয়েকজন গরু ব্যবসায়ী দিনভর চুয়াডাঙ্গার শিয়ালমারী হাটে গরু কেনাবেচা শেষে পাওয়ার ট্রলিতে বাড়ি ফিরছিলেন। পথে খাড়াগোদা বাজারের কাছে পৌঁছালে ট্রলিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং নিচের একটি গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আক্কাস আলীর মৃত্যু হয়। আহত অন্তত নয়জনকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই সামছুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের পরিবার মরদেহ বাড়িতে নিয়ে যায়।
এই বাংলা/এমএস
টপিক

