চট্টগ্রাম-১৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

0
175
বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরীর মনোনয়ন দাখিল / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও বাঁশখালীর স্থানীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মনোনয়নপত্র দাখিল শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা ফিরে আসতে শুরু করেছে। তাঁর দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে নির্বাচনকে ঘিরে যে অনিশ্চয়তা ছিল, তা অনেকটাই দূর হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দেশ এখন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।

নিজের নির্বাচনী পরিকল্পনার বিষয়ে পাপ্পা বলেন, বিএনপির কেন্দ্রীয় ইশতেহারের পাশাপাশি বাঁশখালীর বাস্তবতা, সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে একটি পৃথক স্থানীয় ইশতেহার প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ সংকট, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন তাঁর অগ্রাধিকার তালিকায় থাকবে বলে জানান তিনি।

মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক শাখাওয়াত জামান দুলাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, জেলা পিপি আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের উপস্থিতিতে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দীর্ঘদিন ধরে বাঁশখালীর রাজনীতিতে সক্রিয় এই নেতা স্থানীয়ভাবে একজন সংগঠক হিসেবে পরিচিত।

নির্বাচন কমিশনের ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। মনোনয়ন যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাঁশখালী আসনে এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার মনোনয়ন দাখিল বিএনপির সাংগঠনিক প্রস্তুতি ও নির্বাচনী তৎপরতার গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here