চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ী সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা এখন সময়ের দাবি— এমন মন্তব্য করেছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতারা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রবিবার স্টেশন রোডের মোটেল সৈকতে অনুষ্ঠিত চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)-এর আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এখন প্রয়োজন সমন্বিত, দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের।
সভায় সভাপতিত্ব করেন তামাকুন্ডি লেইন ব্যবসায়ী সমিতির সভাপতি সরওয়ার কামাল। তিনি বলেন, “ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধ থাকলে চট্টগ্রামকে একটি আধুনিক ও বাণিজ্যবান্ধব শহরে পরিণত করা সম্ভব। উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং কর্মসংস্থান— এই তিন ক্ষেত্রেই আমরা নতুন দিগন্ত উন্মোচন করতে চাই।”
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহজাহান মহিউদ্দিন বলেন, “এই নির্বাচন শুধু নেতৃত্ব পরিবর্তনের নয়, বরং ব্যবসাবান্ধব পরিবেশ গঠনের একটি উদ্যোগ। সম্মিলিত প্রয়াসে চট্টগ্রামের ব্যবসায়ীরা বৈশ্বিক বাজারে আরও শক্ত অবস্থান নিতে পারবেন।”
প্যানেল লিডার এস. এম. নুরুল হক বলেন, “চট্টগ্রামের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন। আমরা এমন একটি চেম্বার চাই যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি বৃহৎ শিল্পপতিদেরও সমানভাবে সহযোগিতা করবে। কর ও ভ্যাট সংক্রান্ত জটিলতা দূর করা হবে আমাদের অগ্রাধিকার।”
তিনি আরও যোগ করেন, “চট্টগ্রাম বন্দর দেশের রাজস্ব আয়ের অন্যতম উৎস। অথচ এই অঞ্চলের উন্নয়নে বরাদ্দ সীমিত। তাই বন্দরের মোট আয়ের কমপক্ষে ১০ শতাংশ চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হবে।”
মো. কামরুল হুদা বলেন, “ব্যবসায়ীরা শুধু অর্থনৈতিক অগ্রগতির চালিকাশক্তি নন, তারা সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। স্থানীয় সমস্যাগুলোর সমাধানে ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমাজই সবচেয়ে বড় শক্তি।”
বক্তারা আরও বলেন, চট্টগ্রামের শিল্প ও বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া জরুরি। শিল্প অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বন্দর পরিচালনা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন— মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোস্তাক আহমদ চৌধুরী, এস. এম. কামাল উদ্দিন, এ. টি. এম. রেজাউল করিম, আহমেদ রশিদ আমু, আহমেদ–উল–আলম চৌধুরী (রাসেল), ইমাদ এরশাদ, জসিম উদ্দিন চৌধুরী, কাজী ইমরান এফ. রহমান, মো. আবচার হোসেন, মো. আরিফ হোসেন, মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ রাশেদ আলী ও মোহাম্মদ মুছা।
এই বাংলা/এমএস
টপিক

