গেস্টরুম কালচার মানে নির্যাতনের কালচার–এটা তৈরি করেছে ছাত্রলীগ: ছাত্রদল সহ-সভাপতি জহির

0
94
ফাইল ফুটেজ

মাহফুজুল হক পিয়াস, ইবি :

“গেস্টরুম কালচার মানে নির্যাতনের কালচার—এই সংস্কৃতি তৈরি করেছে ছাত্রলীগ।” এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জহির রায়হান আহমেদ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রোববার (১৯ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টিএসসির প্রেস কর্নারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জহির রায়হান বলেন, “আমরা কখনো দেখিনি গেস্টরুম কালচার মানে নির্যাতনের কালচার। এই জায়গাটা তৈরি করেছে ছাত্রলীগ। তারা গেস্টরুম কালচারটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আমার মনে হয়, এর পেছনে অনেকের ইচ্ছাকৃত ভূমিকা থাকতে পারে। আগের যে গেস্টরুম কালচার ছিল, যেটা ছাত্রলীগ নষ্ট করেছে—আমরা ঘোষণা করছি, ওই নষ্ট সংস্কৃতিকে আমরা আর প্রতিষ্ঠা করবো না।”

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার বিষয়ে তিনি বলেন, “আমরা নির্বাচনের সময় সব শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারিনি সময়ের স্বল্পতার কারণে। অন্যদিকে, শিবিরের যারা হলে থাকে, তারা দীর্ঘদিন ধরে হলে অবস্থান করছে। কিন্তু আমরা এতদিন হলে থাকিনি। ফলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকতার জায়গাটা কিছুটা কম। অথচ এই আন্তরিকতাই ছাত্ররাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

গণরুম প্রসঙ্গে জহির রায়হান বলেন, “অনেক দরিদ্র শিক্ষার্থী আছে যারা নানা কষ্ট সহ্য করে পড়াশোনা করে। যদি তারা কোথাও থাকতে না পারে, আর আমরা মিলে তাদের থাকার ব্যবস্থা করে দিই—তাতে কোনো সমস্যা নেই। ওটাকে গণরুম কালচার বলা যাবে না। আমি নিজেও মধ্যবিত্ত পরিবারের সন্তান। অনার্স-মাস্টার্স শেষ করতে অনেক কষ্ট করেছি। তাই বিষয়টা আমি বুঝি।”

তিনি আরও বলেন, “আমি যখন হলে থাকতাম, তখন গেস্টরুম মানে ছিল পরিচিতির জায়গা। রাত ৯টা-১০টার দিকে সবাই একসাথে হতাম। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সবাই নিজেদের পরিচয় দিত। এতে একে অপরকে চিনতাম, বন্ধুত্ব ও আন্তরিকতার সম্পর্ক তৈরি হতো। তখন গেস্টরুম ছিল পারস্পরিক পরিচিতি ও সম্পর্ক গড়ার স্থান, নির্যাতনের না।”

সংবাদ সম্মেলনে জহির রায়হানের সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব আনোয়ার পারভেজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here