গাজীপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িবহরে হামলা, যুবদল নেতা গ্রেফতার

0
141
ফাইল ফুটেজ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবদল নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বারিষাব ইউনিয়নের গিয়াসপুর বাজারসংলগ্ন একটি অবৈধ পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ও বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত দল নিয়ে গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পেট্রোল পাম্পটির কোনো বৈধ অনুমোদন বা লাইসেন্স না থাকার পাশাপাশি নিম্নমানের তেল পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নমুনা সংগ্রহ করেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ সময় পাম্প মালিকের ভাই ও স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ ফারুক তেলের নমুনা সংগ্রহে বাধা দেন এবং উপস্থিত জনতাকে উত্তেজিত করেন। তার প্ররোচনায় কিছু লোক স্লোগান দিতে শুরু করে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িবহরে হামলা চালায়। হামলায় একটি গাড়ির কাঁচ ভাঙে এবং আরেকটি গাড়িতে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

ঘটনাস্থলে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রব পৌঁছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি শান্ত করেন। পরবর্তীতে গাজীপুর জেলার কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ঘটনাস্থলে এসে অভিযান পরিচালনা করেন। তিনি ঘটনাস্থল থেকে কিছু নথি, মালামাল ও নগদ অর্থ জব্দ করেন এবং যুবদল নেতা মোহাম্মদ ফারুককে গ্রেফতার করেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here