খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মূল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৪টি দোকানপাট। সোমবার গভীর রাতে (রাত সাড়ে ১২টার দিকে) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে জুতার দোকান, হোটেল, কসমেটিকস, কাপড়, মুদি ও স্বর্ণের দোকানসহ একাধিক প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুন লাগার প্রায় এক ঘণ্টা পরও (রাত ১টা ৩৮ মিনিট পর্যন্ত) কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে প্রবল বৃষ্টিপাত শুরু হলে স্থানীয়দের সহায়তায় ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আসে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেন।
তবে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও পানির উৎসের সংকটের কারণে প্রাথমিকভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রমে যুক্ত হতে পারেনি। বাজারসংলগ্ন বসতবাড়িগুলোও আগুনের তীব্রতায় ঝুঁকিতে পড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার মসজিদের সামনে অবস্থিত একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পানির সংকটে ফায়ার সার্ভিস অসহায় হয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবাই বৃষ্টির ওপর নির্ভর করেন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, “রাত ১২টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের দুইটি ইউনিট রওনা দেয়। কিন্তু পাহাড়ি সরু রাস্তা, বৃষ্টি ও স্পিড ব্রেকারের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়।”
তিনি আরও জানান, “রাত ১টা ৩০ মিনিটের দিকে ইউনিটগুলো পৌঁছালেও পানির উৎস না থাকায় কাজ শুরু করা যায়নি। পরে মাটিরাঙা উপজেলা থেকে এক হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংকার পাঠানো হয়। তবে ততক্ষণে বৃষ্টির পানিতেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।”
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাকির হোসেন।
এই বাংলা/এমএস
টপিক

