কুড়িগ্রাম প্রতিনিধি :
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক বিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ ও গাঁজা উদ্ধার করেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিজিবি সূত্রে জানা যায়, ১ নভেম্বর বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বিওপি’র আওতাধীন পালপাড়া এলাকায় টহল দল সন্দেহজনক একটি ইজিবাইক থামানোর নির্দেশ দেয়। এ সময় চোরাকারবারীরা ইজিবাইক ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশিতে ইজিবাইক থেকে ৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
অন্যদিকে, ২ নভেম্বর রাত ১২টার দিকে লালমনিরহাট জেলার মোগলহাট বিওপি’র আওতাধীন চর ফলিমারী সীমান্ত এলাকায় আরেকটি অভিযানে বিজিবি সদস্যরা চোরাকারবারীদের গতিবিধি টের পেয়ে চ্যালেঞ্জ করলে তারা মালামাল ফেলে ভারতের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪০ বোতল ইস্কাফ সিরাপ (মূল্য প্রায় ১৬ হাজার টাকা), একটি ইজিবাইক (মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা) এবং ৩৬ কেজি গাঁজা (মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা)। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯২ হাজার টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “মাদক পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে, যাতে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা যায়।”
এই বাংলা/এমএস
টপিক

