নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ময়দা দিয়ে নকল ওষুধ তৈরির অভিযোগে গোলাম রব্বানী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সদর ইউনিয়নের বাজেডুমরিয়া এলাকার সরকার পাড়ায় যৌথ অভিযানের মাধ্যমে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে অংশ নেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সহযোগিতা করে আনসার ব্যাটালিয়নের একটি দল।
ভোক্তা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গোলাম রব্বানী দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ময়দা ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে নকল ওষুধ প্রস্তুত করে বাজারে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওষুধ তৈরির মেশিন ও সরঞ্জাম জব্দ করা হয়। এসময় প্রায় এক লাখ টাকার নকল ওষুধ ও অনিরাপদ খাদ্য পুড়িয়ে নষ্ট করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল হক বলেন, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা নকল ওষুধ ও খাদ্যদ্রব্য ধ্বংসের পাশাপাশি ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মিতা রায় জানান, অভিযানে রব্বানীর তৈরি বিভিন্ন ধরনের নকল ওষুধ ও উৎপাদন সামগ্রী জব্দ করে নষ্ট করা হয়েছে।
তবে শাস্তি বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় পরিচালক হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ। তিনি দাবি করেন, নকল ওষুধ তৈরির মতো গুরুতর অপরাধে সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ছিল। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেননি বলেও তিনি অভিযোগ করেন।
এই বাংলা/এমএস
টপিক

