ইবি প্রতিনিধি :
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর বিপ্লবী বীর শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিপ্লবী গান ও মিলাদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভিতরের প্রাঙ্গণে এ এর আযোজন করে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
এসময় ব্যতিক্রমের শিল্পীরা হামদ, নাত, দেশাত্মবোধক ও বিপ্লবী গান পরিবেশন করেন। সাংস্কৃতিক উপস্থাপনা শেষে বাঙালি মুসলমানের অংশ হিসেবে মিলাদ পড়ানো হয় এবং শিক্ষার্থীদের মাঝে মুড়ি ও বাতাসা বিতরণ করা হয়।
ব্যতিক্রমের পরিচালক ওয়ায়েস কুরুনী বলেন, ”ব্যতিক্রমের আজকের আয়োজনটি আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সাংস্কৃতিক লড়াইয়ের একটি অংশ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর শহীদ শরিফ ওসমান হাদি ভাই আধিপত্যবাদ এবং পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধে লড়াকু বীর ছিলেন। তিনি সাহস করে শাহবাগে দাঁড়িয়ে ভিনদেশী সংস্কৃতির বিরুদ্ধে একাই লড়ে গেছেন। তার দেখানো সংস্কৃতিকে ধারণ করে আমাদের এই আয়োজন।”
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “আমরা বিপ্লবী হাদিকে হারিয়েছি। কিন্তু তাঁর যে দেশ প্রেম এটা আমাদের সবাইকে লালন করতে হবে।
আগামী প্রজন্ম যখন আসবে, তাদেরকে তাঁর শিক্ষা দিতে হবে যে এভাবে দেশকে ধারণ করে এগিয়ে নিয়ে যেতে হয়। তাহলে কেউ আধিপত্য বিস্তার করতে পারবে না। জুলাইয়ের আন্দোলনের চেতনায় শোষণহীন, বৈষম্যহীন, ফ্যাসিবাদমুক্ত ও আধিপত্যবাদহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে বাংলাদেশ।”
এই বাংলা/এমএস
টপিক

