নিজস্ব প্রতিবেদক :
স্কলাস্টিকা স্কুলের গুলশান এবং বনানী শাখার উদ্যোগে রঙিন ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় শিশু নেশন থেকে সপ্তম নেশন পর্যন্ত অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক বিকাশ, নেতৃত্বগুণ তৈরি এবং স্বাস্থ্যকর জীবনধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই প্রতি বছর এ আয়োজন করে আসছে স্কলাস্টিকা। এবারের প্রতিযোগিতাও ছিল বর্ণিল, প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের সুপরিচিত স্প্রিন্টার ও ১৬ বার জাতীয় দ্রুততম নারীর খেতাবজয়ী শিরিন আক্তার। তার অনুপ্রেরণামূলক উপস্থাপনা শিক্ষার্থীদের মাঝে বাড়তি উৎসাহ যোগায়। এছাড়া বিশেষ বক্তব্য রাখেন স্কলাস্টিকার গুলশান ও বনানী জুনিয়র শাখার প্রিন্সিপাল সায়রা ফারাহ ফারহানা আলম।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা নেশনভিত্তিক দৌড় প্রতিযোগিতা, শিশুদের উপযোগী নানা আকর্ষণীয় খেলা এবং চিত্তাকর্ষক ক্রীড়া প্রদর্শনীতে অংশ নেয়। পুরো মাঠজুড়ে ছিল শিশুদের হাসি, উচ্ছ্বাস ও আনন্দের সমারোহ।
আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন স্কলাস্টিকার ক্রীড়া শিক্ষক মো. আলাউদ্দিন, জুলকার নওরিন এবং ইভেন্ট প্রধান নুসরাত ওয়াসিম। তাদের সমন্বিত তত্ত্বাবধানে প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়।
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্কুল ব্যবস্থাপনার সক্রিয় অংশগ্রহণে এ দিনের আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়। বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকে।
এই বাংলা/এমএস
টপিক

