ঈশ্বরদীতে প্রিপেইড মিটারের বিরুদ্ধে বিক্ষোভ, নেসকোর লিখিত অঙ্গীকার

0
114
ছবি : এই বাংলা প্রতিনিধি

ঈশ্বরদী প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর বিরুদ্ধে সড়ক অবরোধ ও বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা এই আন্দোলন চলে। বিক্ষোভকারীরা জানান, নেসকো কর্তৃপক্ষ লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছে যে ঈশ্বরদীতে নতুন কোনো প্রিপেইড মিটার বসানো হবে না এবং আগেই স্থাপন করা মিটারগুলোও পরিবর্তন করা হবে।

সকালে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শতাধিক গ্রাহক বিদ্যুৎ অফিসের সামনে সমবেত হন। পরে তাঁরা ঈশ্বরদী–পাবনা সড়ক অবরোধ করেন। তবে জনসাধারণের দুর্ভোগ বিবেচনায় আধা ঘণ্টা পর অবরোধ তুলে নিয়ে তাঁরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে তাৎক্ষণিক সিদ্ধান্তের দাবি জানান।

বক্তারা বলেন, নেসকো আগে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের আশ্বাস দিলেও পুনরায় স্থাপন কার্যক্রম শুরু করেছে, যা “অঙ্গীকার ভঙ্গের শামিল।”

স্থানীয় বাসিন্দা তাসমিন মাহবুব প্রাপ্তি বলেন, “প্রিপেইড মিটার চালু হওয়ায় সাধারণ মানুষ উপকৃত না হয়ে বরং হয়রানির শিকার হচ্ছে। কর্তৃপক্ষের উদাসীনতায় আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।”

বিক্ষোভে অংশ নেন ‘প্রিপেইড মিটার স্থাপন প্রতিরোধ কমিটি’র সংগঠক আ. ফ. ম. রাজিবুল আলম ইভান, পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, শিক্ষার্থী ফজলে রাব্বি সিয়াম, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়াম, খোরশেদ আলম দিপু প্রমুখ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই প্রিপেইড মিটারের বিপক্ষে এলাকাবাসীর ক্ষোভ বাড়ছে। এ বিষয়ে নেসকো কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here