দৌলতপুরে ১২৪ পিস ইয়াবা ও মদসহ একজন গ্রেপ্তার, একজন পলাতক
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল দেশীয় মদসহ রাসেল খান (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল্লাহ (২৫) নামে অপর একজন পালিয়ে যান।
বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে দৌলতপুর থানার নয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার রাসেল খান টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাদে বেহালী এলাকার সোবাহান আলী খানের ছেলে। পলাতক আব্দুল্লাহ দৌলতপুর উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ জানায়, দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ হাবিবুল্লা আলীর নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, নয়াপাড়া এলাকায় একটি বাড়িতে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালালে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় রাসেল খানকে আটক করা সম্ভব হলেও আব্দুল্লাহ পালিয়ে যান।
পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে তোষকের নিচ থেকে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুই বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩৭ হাজার ২০০ টাকা এবং মদের মূল্য প্রায় ৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
দৌলতপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল আজম (লিটন) জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।