পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
বুধবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপী তিনি পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক মোড়, জনবহুল এলাকা ও বাজার পরিদর্শন করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরিদর্শনকালে পুলিশ সুপার স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন। তিনি জনগণের বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ সময় জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, পিরোজপুর জেলা পুলিশ যেকোনো ধরনের অপরাধ দমন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পুলিশ সুপারের এই সরাসরি মাঠপর্যায়ের উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে পিরোজপুরের সাধারণ জনগণ ও রাজনৈতিক মহল। স্থানীয় বাসিন্দারা জানান, জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাকে সামনে থেকে পেয়ে তাদের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থার অনুভূতি আরও বেড়েছে। রাজনৈতিক নেতারাও মনে করছেন, এই ধরনের জনমুখী কার্যক্রম অপরাধীদের মনে ভীতি সৃষ্টি করবে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে।
মতবিনিময়কালে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, অপরাধ দমনে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি ও মাঠপর্যায়ের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

